ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্যা মোকাবেলা ও আরো ভালোভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য সংসদের একটি স্থায়ী কমিটি সরকারকে খাল খননের পরামর্শ দিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মঙ্গলবার চাষাবাদের জমিতে আর কোন কিছু নির্মাণ না করারও সুপারিশ করা হয়।
চাষাবাদের জমির যেখানে-সেখানে বাড়িঘর নির্মাণ নিষিদ্ধ করে একটি আইন তৈরি করার জন্য সংসদীয় প্যানেল ভূমি মন্ত্রণালয়ের কাছে অনুরোধও করেছে।
সংসদ ভবনে বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতি অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসছে বর্ষা মৌসুমে বন্যা মোকাবেলা ও আরো ভালোভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য আমরা সারা দেশে খাল খননের সুপারিশ করেছি।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ক্ষমতায় আসা জিয়াউর রহমান খাল খননসহ ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। কৃষি উন্নয়নের স্বার্থে তার খাল খনন কর্মসূচি সাধারণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পায় যদিও তার কার্যকারিতা ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভিন্নতা আছে।
খাল খনন কর্মসূচির যথার্থতা তুলে ধরতে গিয়ে অলি আহমেদ বলেন, "খালের পানির ধারণ ক্ষমতা বাড়ানো হলে শুকনো মৌসুমে ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে পানি ধরে রাখা সম্ভব হবে। সেই সঙ্গে ছোট-খাটো বন্যাও মোকাবেলা করা যাবে।"
অলি আহমেদ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উচিত অবিলম্বে খাল খনন করা।
বর্তমানে তিন হাজার একর চাষের জমি অ-কৃষি কাজে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে স্থায়ী কমিটির সভাপতি বলেন, "এই প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে চাষের কোন জমি থাকবে না।"
অলি বলেন, এ কারণে কমিটি চাষের জমিতে দ্রুত বাড়িঘর নির্মাণ বন্ধ করার সুপারিশ করেছে।
কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী, নওয়াব আব্বাস আলী খান ও এএনএম শামসুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩৪৫ঘ.
bdnews24