দরিদ্রদের সরকারি ফ্ল্যাট বিত্তবানদের কাছে বিক্রির অভিযোগ
সরকারি প্রকল্পে নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য তৈরি করা ফ্ল্যাট বেশি দামে বিত্তবানদের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (এনএসপিডিএল) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
কর্মকর্তারা বলেছেন মন্ত্রণালয়ে সুবিধাভোগীদের তালিকা জমা দেওয়ার আগেই অনেক ফ্ল্যাট বিক্রি করা হয়। ফ্ল্যাট গ্রহীতাদের সরকারি নিয়ম ও চুক্তি অনুযায়ী সব সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে না।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান চিঠি লিখে এ অনিয়মের অভিযোগ ভূমি মন্ত্রণালয়কে জানালে তারা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন।
প্রকল্প পরিচালক ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব পূণ্যব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এনএসপিডিএল চেয়ারম্যান আব্দুর রহিম সোমবার সুবিধাভোগী এক হাজার ২৫০ জনের পৃথক দুটি তালিকা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। ওই দুটি তালিকা থেকে যাচাই-বাছাই করে প্রকৃত বস্তিবাসী ও নিম্নবিত্তদেরই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান।
নির্মাতা প্রতিষ্ঠান থেকে দেওয়া দু'টি তালিকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া এবং নির্ধারিত টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম পৃথকভাবে থাকার কথা স্বীকার করেন প্রকল্প পরিচালক।
অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস
এ ব্যাপারে ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরার দৃষ্টি আকর্ষণ করা হলে সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "দুর্নীতির ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।"
নির্মাতা প্রতিষ্ঠান এনএসপিডিএল চেয়ারম্যান আব্দুর রহিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে এখনো আমাদের কিছু জানানো হয়নি। মন্ত্রণালয়ের চিঠি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না।"
প্রকল্পের গোড়ার কথা
ভাষানটেক বস্তি উচ্ছেদের পর সেখানে নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য কম মূল্যে আবাসনের ব্যবস্থা করতে ২০০৩ সালে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়। ওই বছরেরই ২৯ সেপ্টেম্বর এনএসপিডিএল প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়।
সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি অনুযায়ী বস্তিবাসীদের জন্য নির্মিত 'এ' টাইপের (২১৫ বর্গফুট) ফ্ল্যাটের মূল্য হবে সর্বোচ্চ দুই লাখ টাকা। এ মূল্য ১০ বছরে কিস্তিতে আদায় করা হবে। আর নিম্নবিত্তদের জন্য 'বি' টাইপের (৩৯৫ বর্গফুট) ফ্ল্যাটের মূল্য ধরা হয় তিন লাখ ৫৫ হাজার টাকা। এ অর্থ এককালীন বা এক বছরে চার কিস্তিতে আদায়যোগ্য। পরে সরকার 'বি' টাইপের ফ্ল্যাটের দাম বাড়িয়ে তিন লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে।
পরিবর্তিত দামের ব্যাপারে সরকারের সঙ্গে কোন সংশোধিত চুক্তি হওয়ার আগেই নির্মাতা প্রতিষ্ঠান এনএসপিডিএল ২০০৪ সালের ১৩ এপ্রিল ফ্ল্যাট বিক্রির জন্য আবেদন করে।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সংশোধিত পিপি অনুমোদন, ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা চূড়ান্ত ও অনুমোদন করা এবং রাজউক থেকে সংশোধিত মাস্টার প্ল্যান ও নকশা অনুমোদন/অনাপত্তি প্রাপ্তি সাপেক্ষে আবেদন ফরম বিক্রি শুরু করতে বলা হয়।
কিন্তু নির্দেশিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই এনএসপিডিএল পাঁচটি ব্যাংকের মাধ্যমে ফরম বিক্রি শুরু করে। এতে মন্ত্রণালয় ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ফরম বিক্রি না করার নির্দেশ দেয়।
এরপরও প্রতিষ্ঠানটি বিক্রি চালিয়ে গেলে ৩১ আগস্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি দৈনিকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ সরকারি উদ্যোগের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয় এনএসপিডিএল। আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে র্সর্তকীকরণ বিজ্ঞপ্তি প্রচার বন্ধ করা এবং আদেশের পরবর্তী তিনমাস প্রকল্পের কাজে কোন বাধা না দেওয়ার নির্দেশ দেয়।
পরে ওই সময়ের মেয়াদ দু'দফায় দেড় বছর বাড়ানো হলেও শেষ পর্যন্ত উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত গত ৬ মে নির্মাতা প্রতিষ্ঠানের আবেদন খারিজ করে দেয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন, আদালতের নির্দেশের সুযোগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে নির্মাতা প্রতিষ্ঠান বিত্তবান ব্যক্তিদের কাছেও চড়া মূল্যে এসব ফ্ল্যাট বিক্রি করেন। এতে সরকারের দরিদ্রদের আবাসনের ব্যবস্থা করার লক্ষ্য ব্যাহত হলেও নির্মাতা প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লাভবান হয়।
মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এনএসপিডিএল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। এখন ভূমি মন্ত্রণালয় ইচ্ছা করলে চুক্তি বাতিলসহ যে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে।”
