চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিকরা মঙ্গলবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদারদের সঙ্গে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়। এর পর শ্রমিক লীগ নেতারা ১০ দিনের মধ্যে ঘাট ও গুদাম শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে একটি ফয়সালায় পৌঁছানো সম্ভব হবে বলে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
শ্রমিক লীগ নেতারা ঠিকাদার ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে মধ্যস্থতা করছেন।
আব্দুল কাদের বলেন, "এই দশ দিনের মধ্যে দাবি মানা না হলে আমরা আবার ধর্মঘট করব।"
মজুরি বাড়ানোর দাবিতে ঘাট ও গুদাম শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের ১৬টি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকে।
একই কারণে সারা দেশে পণ্য পরিবহন এবং বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাসও কার্যত বন্ধ থাকে।
শ্রমিকরা প্রতি ৯০ কেজি ওজনের বস্তা বহনে বর্তমান মজুরি ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার দাবি জানিয়েছেন।
বাংলাবাজার থেকে মাঝিরঘাট পর্যন্ত কর্ণফুলী নদী তীরের ঘাটগুলোতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টন পণ্য ওঠানামা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/টিআর/২৩৫৫ ঘ.
bdnews24