চাঁপাইনবাবগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
এরা হলেন- চানশিকারী গ্রামের আব্দুল জলিল (২৮) ও আব্দুল কাদের (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফতাব উদ্দীন জানান, ভোর ৪টার দিকে চানশিকারী সীমান্তের মেইন পিলার ১৯৯ এর কাছ দিয়ে কয়েক ব্যক্তি ভারত থেকে গরু নিয়ে আসছিল।
এ সময় মালদা বিএসএফ ব্যাটালিয়নের কৃষ্ণপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলি ছোড়ে।
তিনি জানান, আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বিডিআর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বলেও জানান মেজর আফতাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24