২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী সীমান্তে বিএসএফ'র গুলিতে দুই ভাই নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

কুড়িগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে পতাকা বৈঠক করে বাংলাদেশ রাইফেলস-বিডিআর ও বিএসএফ। প্রায় তিনঘন্টা বৈঠকের পর বিকেলে তাদের লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা রৌমারীর বালিয়ামারীর বিডিআর ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার জামাল উদ্দিন। নিহতরা হলেন- উপজেলার যাদুর চার ইউনিয়নের দক্ষিণ আলগার চর গ্রামের আইয়ুব আলী (৩৫) ও তার ভাই আমির ইসলাম বারু (২৮)। বিডিআর কর্মকর্তা জামাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের সীমান্ত এলাকায় যান আইয়ুব ও আমির। সীমান্তের ১০৭১ নম্বর পিলারের ১০ নম্বর সাব পিলারের কাছে নিরপেক্ষ এলাকায় গেলে ভারতের বলদানগিরি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে ১১ রাউন্ড গুলি করে। তবে তারা কেন সীমান্তের নিরপেক্ষ এলাকায় গিয়েছিলেন সেটা তিনি জানাতে পারেননি। সুবেদার জামাল জানান, মঙ্গলবার সকালে ছয়টার দিকে ঘটনা জানার পর এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে সকাল ৯টায় কোম্পানি পর্যায়ে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ কর্মকর্তা দাবি করেন- আইয়ুব ও আমির সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া কাটতে গেলে বিএসএফ জওয়ানরা তাদের গুলি করে। তিনি জানান, বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন তিনি। বিএসএফ'র পক্ষে ছিলেন কমান্ডার কে এম মুখার্জি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, বিকেল ৪টায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.