চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাট ও গুদাম শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার সকাল থেকে চট্টগ্রামের ১৬টি নৌ-ঘাটে সব ধরণের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে।
কর্মবিরতির কারণে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না হওয়ায় এসব ঘাট থেকে সারাদেশেও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
বাংলাবাজার থেকে মাঝিরঘাট পর্যন্ত কর্ণফুলী নদী তীরের ১৬টি ঘাটে প্রতিদিন প্রায় ৫০ হাজার টন পণ্য ওঠানামা হয়।
চট্টগ্রাম ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা খুবই কম মজুরি পান। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। এর আগে মজুরি বাড়ানোর দাবি জানালেও পরিবহন ঠিকাদাররা কোন ব্যবস্থা নেয়নি। এ কারণে বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে।"
আব্দুল কাদের জানান, ঘাটে একটি লাইটার জাহাজ ভেড়ার পর থেকে ট্রাকে পণ্য পরিবহনের চারটি ধাপে প্রতি ৯০ কেজি ওজনের বস্তা পরিবহনে বর্তমান শ্রমিক মজুরি ৭ টাকা ২০ পয়সা। এ মজুরি ১০ টাকা করার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে।
দাবি মেনে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলেও তিনি জানান।
বন্দরের কর্মকর্তারা জানান, ঘাটে পণ্য খালাস না হওয়ায় এর প্রভাব পড়ে বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজেও। ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকায় সেগুলো বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য যেতে পারছে না। বর্তমানে বহির্নোঙরে অবস্থান করা ৩৬টি বড় জাহাজে গম, ডাল, সার ও ক্লিংকারসহ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ সভাপতি সাংসদ এম এ লতিফ শ্রমিকদের আকস্মিক এ কর্মবিরতিকে অযৌক্তিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কর্মবিরতির ফলে আমদানি করা পণ্য নিয়ে বড় জাহাজ (মাদার ভেসেল) এবং দেশের অভ্যন্তরে চলাচলকারী লাইটার জাহাজে পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হবে। এ কারণে আমদানিকারকদের বড় জাহাজ ও লাইটার জাহাজ ভাড়ার অতিরিক্ত লোকসান দিতে হবে।
শ্রমিক নেতা আব্দুল কাদের অভিযোগ করেন, সমস্যা সমাধানের জন্য ঠিকাদার ও আমদানিকারকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আলোচনার উদ্যোগ নেয়নি।
ঠিকাদার জহির আহমদ জানান, ঠিকাদারদের কোনো সমিতি না থাকায় কেউ বিষয়টি সমাধানে আলোচনার জন্য এখনও এগিয়ে আসেননি।
টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২২৫২ঘ.
bdnews24