২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ইনকামিং কলচার্জ কমলো

আন্তর্জাতিক ইনকামিং কলচার্জ কমানোর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) জুলাই-আগস্ট নাগাদ ওয়াইম্যাক্স এর কার্যক্রম শুরু করবে বলে তিনি জানান। আন্তর্জাতিক ইনকামিং কলচার্জ ৪ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৩ সেন্ট নির্ধারণ করা হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে তা কার্যকর হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ইনকামিং কলচার্জ কমানোর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) জুলাই-আগস্ট নাগাদ ওয়াইম্যাক্স এর কার্যক্রম শুরু করবে বলে তিনি জানান। আন্তর্জাতিক ইনকামিং কলচার্জ ৪ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৩ সেন্ট নির্ধারণ করা হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে তা কার্যকর হবে। মন্ত্রী বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত দুই দিনব্যাপী তথ্য প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। রাজিউদ্দিন রাজু জানান, তারবিহীন অত্যাধুনিক ইন্টারনেট প্রযুক্তি 'ওয়াইম্যাক্স' সারাদেশে ছড়িয়ে দিতে বিটিসিএল নিজস্ব কোম্পানি গঠন করবে। আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে এ কোম্পানি ওয়াইম্যাক্স সংযোগ প্রদান শুরু করবে। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় গত মার্চে সরকার পরীক্ষামূলকভাবে ওয়াইম্যাক্স চালু করেছে। লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোকে জুন-জুলাই মাসের মধ্যে এ সেবা সারাদেশে পৌঁছে দিতে বলা হয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সব ধরনের পদক্ষেপ নেবে বলে মন্ত্রী জানান। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চট্টগ্রামে দুই দিনব্যাপী এ তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করে। এছাড়া, দিবসটিকে সামনে রেখে দেশব্যাপী চিত্রায়ন ও কুইজ প্রতিযোগিতা, অনলাইন গেমিং এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার শেষ দিনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন টেলিযোগাযোগ মন্ত্রী। এবার দিবসটির মূল প্রতিপাদ্য ছিল 'সাইবার স্পেসে শিশুদের সুরক্ষা'। মেলায় প্রচুর উৎসাহী দর্শনার্থীর সমাগম ঘটে। সব বয়সের বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নবীন পেশাজীবীরা তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, নতুন নতুন গেম এবং মোবাইল ফোন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে মেলার ২০টি স্টলে ভিড় জমান। বিশেষ করে কল সেন্টার, সাইবার ক্যাফে, থ্রিজি, কমিউনিটি রেডিও, অ্যামেচার রেডিও, ওয়াইম্যাক্স, ভিডিও কনফারেন্সিং, ভেহিক্যাল ট্র্যাকিংসহ বিভিন্ন ধরনের আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে তথ্য জানতে দর্শনার্থীরা বেশি আগ্রহ দেকান বলে স্টলের কর্মীরা জানান। মেলায় তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন সেমিনারেরও আয়োজন করা হয়। এছাড়া প্রায় ৬০০ স্কুল শিক্ষার্থীকে ৫ টি গ্র"পে ভাগ করে বেসিক কম্পিউটার ও হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিটিআরসি'র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ হাসানুল হক ইনু। সমাপনী বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আগের বিএনপি সরকার জনকল্যাণে এ খাতে কিছুই করেনি। এমনকি বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল নেওয়ার সুযোগও হাতছাড়া করেছে দেশের নিরাপত্তার প্রতি হুমকির অজুহাত দেখিয়ে। এতে দেশ অনেক পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ ভুল সংশোধনের পদক্ষেপ নেয়। মানব সম্পদ, শিক্ষা ও উন্নয়নে তথ্য প্রযুক্তি কাজে লাগাতে এ সরকার আগের মতো এখনও কাজ করছে। সবার স্বার্থ রক্ষা করে তথ্য প্রযুক্তি বিষয়ক একটি নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন হাসানুল হক ইনু। দেশকে আলোকিত করতে প্রতিটি পরিবারে একজন করে ডিজিটাল কর্মী গড়ে তোলার আহবান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/১৯৫০ঘ.