২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বমন্দায় আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ওপর বিশ্বমন্দার প্রভাব খুব একটা পড়বে না এবং এ জন্য জনগণের আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওপর বিশ্বমন্দার প্রভাব খুব একটা পড়বে না এবং এ জন্য জনগণের আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজাদ সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। আজাদ বলেন, "প্রধানমন্ত্রী মনে করেন, বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের ওপর খুব একটা পড়বে না। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যথাযথ সমন্বয় থাকলে এবং খাদ্য উৎপাদন অশানুরূপ হলে বিশ্বমন্দার প্রভাব পড়বে না।" বৈঠকে বাংলাদেশ ও ভূটানের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, "১৯৮০ সালে বাংলাদেশ ও ভূটানের মধ্যে বাণিজ্য চুক্তি হয়। ১৯৮৪ সালে প্রটোকল স্বাক্ষরিত হয়। ২০০৩ সালে এই চুক্তি নাবয়ন করা হয়। গত বছরের ১১ মে এই চুক্তি শেষ হলেও দুই দেশের সম্মতিতে বাণিজ্য চলছে। বাংলাদেশ ও ভূটানের মধ্যে ৯০টি পণ্য আমদানি-রপ্তানি হয়।" প্রেস সচিব জানান, সুন্দরি গাছের আগা মরা রোগের জন্য ২০০৫ সালে ৩০ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে ২০ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটি এখনো প্রতিবেদন না দেওয়ায় সোমবারের বৈঠক থেকে তখনকার মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই কমিটিতে তৎকালীন ছয়জন সাংসদও ছিলেন। বৈঠকে ফিনান্সিয়াল রিপোর্ট আইন- ২০০১ চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য ফেরত দেওয়া হয়েছে। তিনি আরো জানান, 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জুডিশিয়াল ও অন্যান্য ভাতা প্রদান' আগামী বাজেট ও জাতীয় পে-কমিশনের সুপারিশের সমন্বয়ে চূড়ান্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬৩৭ ঘ.