মৌলভীবাজার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাই চা বাগানে দত্ত বস্তিতে সোমবার ভোররাতে পাহাড় ধসে মাটি চাপায় এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আশিদ্রোন ইউনিয়নে জেরিন চা বাগানের আশিপাড়া বস্তিতে মারা গেছে একজন।
তারা হলেন- লাখাই বাগানের সুফিয়া বেগম (৪৫), তার দুই ছেলে সুমন (১৪) ও সুজন (১২), মেয়ে পারভীন (২৪), পারভীনের স্বামী শামীম মিয়া (৩০)। জেরিন বাগানের ঝর্না বোনার্জী (৯)।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক বছর আগে সুফিয়ার স্বামী হোসেন মিয়া মারা যান। তারপর মহাজিরাবাদের গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী চা বাগানের এ বস্তিতে এসে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। বস্তিতে তার ঘরের তিন দিকে পাহাড় ও এক দিকে পাহাড়ী ছড়া ছিল।
এসআই কামরুল বলেন, "রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ছড়ার পানির তোড়ে পাহাড়ের মাটি ধসে সুফিয়া বেগমের ঘরটি চাপা পড়ে। এতে ঘরের মধ্যে থাকা পাঁচজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।"
সুফিয়ার ভাই আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ছয়টার দিকে কালিঘাট ইউনিয়ন পরিষদের সদস্য সিতারাম হাজরা ও স্থানীয় লোকজনকে নিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। চার ঘণ্টার চেষ্টা পর মাটির তিন থেকে চার ফুট নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এসআই কামরুল ইসলাম জানান, সুফিয়ার ভাই আবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো দাফনের জন্য তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আবুল শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদনটি করেন বলে জানান তিনি।
ঝর্ণার বাবা ঝন্টু বোনার্জী জানান, ভোররাতে বস্তির পিছনের পাহাড় ধসে তার ঘরের একটি অংশের ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঝর্ণা মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/এমএসবি/১৭০৫ ঘ.
bdnews24