ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবক হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হোসেনকে পৃথক দুটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান কোতওয়ালী থানায় গত জানুয়ারী মাসে দায়ের করা ১২ কোটি টাকা আত্মসাৎ মামলায় লোকমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে মহানগর হাকিম দিলারা আলো চন্দনা গত মাসে পল্টন থানায় দায়ের করা ৩০ লাখ টাকা প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ মে লোকমানকে ধানমন্ডি থানার আলাদা দুটি প্রতারণা মামলায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে ১১ মে তিনি ওই দুটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24