রাজশাহী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দায়িত্বে অবহেলার অভিযোগে শনিবার রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে ওই থানার দুই উপ-পরিদর্শককে বদলি করা হয়েছে।
রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুম রব্বানী সাংবাদিকদের জানান, বাগমারার বালিয়া গ্রামে শুক্রবারের একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওসি শাহাবুদ্দিন খলিফাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
একই কারণে ওই থানার উপ-পরিদর্শক এমদাদুল হককে পবা থানা এবং উপ-পরিদর্শক আব্দুস সাত্তারকে পুঠিয়া থানায় বদলি করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে বাগমারা উপজেলার বালিয়া গ্রামে স্থানীয় মাদ্রাসা শিক্ষক শাহাদত আলীকে কুপিয়ে হত্যা করে শামসুল আলম নামের এক কথিত জেএমবি ক্যাডার ও তার সহযোগীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24