মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহর এলাকায় সব ধরনের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কমপক্ষে ৪০ শতাংশ এবং অন্যত্র ২০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করেছে সরকার।
সিদ্ধান্ত লঙ্ঘন করা হলে নতুন স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, এমপিওবিহীন প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি (বেতন-ভাতা বাবদ সরকারি অনুদান) এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিওভুক্তি করা হবে না।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩০ শতাংশ নারী শিক্ষক নিয়োগের বিধান রয়েছে।
রোববার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, মহানগর ও পৌর এলাকার বেসরকারি স্কুল, কলেজ,মাদ্রাাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৪০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ২০ শতাংশ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
দশটি জেলা শহর বাদে জেলার অন্যান্য এলাকা এবং সতেরটি 'দুর্গম' উপজেলায় নারী শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিথিল করা হয়েছে।
অঞ্চল ভেদে নারী শিক্ষক প্রার্থীর অপ্রতুলতা বিবেচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোয়েজ্জদ্দীন আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে পুরো বিষয়টি একটু সহজ করা হয়েছে।"
আদেশে আরও বলা হয়, মহানগর ও পৌর এলাকা বাদে নিয়োগের ক্ষেত্রে প্রথম বিজ্ঞপ্তির পর কোন নারী প্রার্থী পাওয়া না গেলে দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রচারের পরও প্রার্থী পাওয়া না গেলে সবার জন্য উন্মুক্ত করে বিজ্ঞপ্তি দিতে হবে। এতে পুরুষ প্রার্থীকেও নিয়োগ দেওয়া যাবে।
তবে মহানগর ও পৌর এলাকায় কোনক্রমেই নারী শিক্ষকের জায়গায় পুরুষ শিক্ষক নিয়োগ করা যাবে না।
যে দশটি জেলায় নারী শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিথিল করা হয়েছে সেগুলো হলো- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা,তিন পার্বত্য জেলার জেলা শহর ব্যতিত অন্যান্য এলাকা।
শিথিল করা সতেরটি দুর্গম উপজেলা হলো- ভোলার মনপুরা, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লার মেঘনা, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, নোয়াখালীর হাতিয়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, মানিকগঞ্জের দৌলতপুর, ময়মনসিংহের ধোবাউড়া, বাগেরহাটের শরণখোলা, খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর, কুড়িগ্রামের রাজিবপুর, রৌমারী, নওগাঁর আত্রাই ও সিরাজগঞ্জের চৌহালী।
মন্ত্রিপরিষদ বিভাগ এসব উপজেলাকে 'দুর্গম' হিসেবে চিহ্নিত করেছে।
এই আদেশ জারির মাধ্যমে ২০০৭ সালের শুরুতে জারি করা আগের আদেশের কার্যকারিতা রহিত করা হয়েছে। তবে রহিত করার পরও গণিত, ইংরেজি,শরীর চর্চা, আরবি, কোরআন ও হাদিস বিষয়ে নারী শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা শিথিলের বিষয়টি আগের মতোই থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24