ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়ন রোধে উচ্চ আদালত নির্ধারিত নীতিমালার আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কথিত যৌন হয়রানির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে আদালত যৌন নিপীড়নের অভিযোগ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনকে অব্যাহতি এবং ওই ঘটনাকে কেন্দ্র করে ৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশকে অবৈধ ঘোষণা করেছে ।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অপর চারজনের জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রোববার এ রায় দেয়।
হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে বলেছে, যৌন হয়রানির অভিযোগ প্রমাণে স্বাক্ষীর সমর্থন সবসময় প্রয়োজন হয় না। রায়ে আরো বলা হয়, যৌন হয়রানির অভিযোগের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের নীতিমালা অনুসরণ করে ওই সিদ্ধান্তে এসেছে। যৌন হয়রানির ক্ষেত্রে প্রযোজ্য কোনো আইন না থাকায় এ সংক্রান্ত অভিযোগ পুনঃতদন্তে হাইকোর্ট নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।
হাইকোর্টের একই বেঞ্চ বৃহস্পতিবার এক রায়ে যৌন হয়রানি রোধে একটি নীতিমালা করে দেয়। রায়ে বলা হয়, এ সম্পর্কিত কোনো আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়।
এতে বলা হয়, মেয়েদের উত্যক্ত করা, তাকিয়ে থাকা, ই-মেইল বা ফোনে বিরক্ত করা, রাস্তায় অচেনা কাউকে 'সুন্দরী' বলা এসব যৌন হয়রানির মধ্যে পড়বে।
হাইকোর্টের এ নির্দেশনার ব্যাপারে বিশ্বব্যিালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'আদালতের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।'
২০০৮ সালের ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি ছানোয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে।
পরদিন থেকেই বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে প্রায় সাড়ে ছয় মাস আন্দোলন করে তারা ।
শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে। গত বছরের ১৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট ছানোয়ার হোসেনকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেয়। শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রত্যাখান করে ওই শিক্ষককে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করে।
পরে ছানোয়ার হোসেন গত বছরের ২১ অক্টোবর বিভাগে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাকে লাঞ্ছিত করে।
ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে।
পরে ২০০৮ সালের ২৭ নভেম্বর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, কর্মজীবি নারী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও কামাল লোহানীর করা জনস্বার্থে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে রিট আবেদন করেন।
হাইকোর্ট গত বছরের ১ ডিসেম্বর অভিযোগ থেকে ছানোয়ার হোসেনের অব্যাহতি ও ৬ শিক্ষার্থীর বহিস্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলে। সেইসঙ্গে আদালত ওই ঘটনার পুনঃতদন্ত কেন হবে না তার কারণ দর্শাতে বলে কর্তৃপক্ষকে।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ড. শিরীন শারমিন চৌধুরী এবং অ্যাডভোকেট রমজান আলী সিকদার। শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রহুল কুদ্দুস বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/প্রতিনিধি/বিডি/এইচএ/১৯৪৭ঘ.
bdnews24