মাগুরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় মাগুরায় বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম আউয়ালসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মাগুরা শহরের মোল্লা পাড়ার শহীদ মুক্তিযোদ্ধা কবির হোসেনের ভাই শরিফুল ইসলাম নান্নু শেখ।
হাকিম শেখ জালাল উদ্দিন মামলাটি নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদীর আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান।
মামলার অপর আসামিরা হলেন- শহরের তাঁতিপাড়ার মাওলানা মাহবুবুর রহমান, ইসলামপুর পাড়ার কবির হোসেন, দোয়ারপাড়ার হাফিজ খান, কলেজ পাড়ার খোকন চৌধুরী, বাজার পাড়ার খালেদুর রহমান, সদর উপজেলার পারনান্দুয়ালি গ্রামের নজরুল ইসলাম, আতিয়ার রহমান, নিজ নান্দুয়ালি গ্রামের রশীদ মোল্লা, শ্রীরামপুরের মশিউল আলম হাসনু, মির্জাপুরের খন্দকার আবু ফতেহ, বেরোইলের বক্কার মোল্লা ও শালিখা উপজেলার শান্তনু গ্রামের আব্দুর রশীদ।
শরিফুল ইসলাম অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৯ জুলাই বিকেলে তার মামাতো ভাই কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে আসামিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.
bdnews24