চাঁদপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উমরা হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাতে দুই বাংলাদেশী প্রবাসীর মত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু'জন।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার সুমন (২২) এবং হাজীগঞ্জ উপজেলার আলী হোসেন (৪০)।
আহতরা হলেন- কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের মোয়াজ্জেম বাড়ির মো. খোকন (৫০), মো. সাজ্জাদ হোসেন (২৪) এবং তার আত্মীয় একই উপজেলার উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের রুহুল আমিন মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (২৭)।
আহতরা সৌদি আরবের জেদ্দা শহরের আল ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়।
আহত ইকবালের বাবা রুহুল আমিন মাস্টার জানান, শুক্রবার রাতে সৌদি আরব সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সৌদি আরবে কর্মরত। তারা আবা এলাকা থেকে মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৬ ঘ.
bdnews24