২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন, "জঙ্গি দমনে কোনো শৈথিল্য সহ্য করা হবে না।" শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

রংপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন, "জঙ্গি দমনে কোনো শৈথিল্য সহ্য করা হবে না।" শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর নাম উল্লেখ না করে বলেন, "তিনি দেশে জঙ্গি দেখেন না। অথচ জোট সরকার ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ দেখেছে কিভাবে জঙ্গিদের মদদ দেওয়া হয়েছে।" এ সময় তিনি রাজধানীতে অস্ত্র আর বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ জঙ্গি গ্রেপ্তার হওয়ার বিষয়টি তুলে ধরেন। রাজধানী ঢাকায় খুনসহ অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অপরাধ দমনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। তানজিম জানান, রাজধানীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ৩/৪টি থানা মিলে পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কোনো অপরাধ সংগঠিত হলে ১০ মিনিটের মধ্যে যাতে পুলিশ ঘটনাস্থলে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থান ছাড়াও যেকোনো সময় যেকোনো স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীকে আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে- এ কথা জানিয়ে তানজিম বলেন, "থানার ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের মর্যাদা দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা দেড় হাজার টাকা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।" তিনি জানান, পুলিশ বাহিনীতে চলতি বছর ১০ হাজার, আগামী তিন বছরে আরও ৩০ হাজার সদস্য নিয়োগ করার হবে। ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের বিরোধিতা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আইনে প্রতিটি মানুষের আত্মরক্ষার অধিকার রয়েছে। পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে।" তবে মানবাধিকার লঙ্ঘন করার মতো কোনো কাজ এ সরকার করবে না বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন- সাংসদ আবুল কালাম আজাদ, রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কল্লোল কুমার, পুলিশ সুপারিনটেনডেন্ট তানভীর হায়দার, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.