২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের তত্ত্বাবধানে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি

ভারতের গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা এবং টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বাংলাদেশ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

টাঙ্গাইল, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা এবং টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বাংলাদেশ নামের একটি সংগঠন। জাতিসংঘের তত্ত্বাবধানে চীন, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশকে নিয়ে একটি আঞ্চলিক নদী কমিশন গঠন করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৩৩ বছর পূর্তি উপলক্ষে শনিবার টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ীতে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানায় আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতারা। শুকিয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, অধ্যাপক ড. সৈয়দ শফিউল্লাহ, কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, খন্দকার নাজিম উদ্দিন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল হক তালুকদার, টাঙ্গাইল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ। মহাসমাবেশে 'নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও' শীর্ষক ১৯ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.