২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ছিনতাই

রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তি থেকে উদ্ধার করা হেরোইনসহ গ্রেপ্তার সন্দেহভাজন দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তি থেকে উদ্ধার করা হেরোইনসহ গ্রেপ্তার সন্দেহভাজন দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। শুক্রবার সকাল ৭টার দিকে আগারগাঁও বিএনপি বস্তি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শেষ পর্যন্ত গ্রেপ্তার অপর দু'জন এবং ৫ গ্রাম হেরোইন নিয়ে ফিরে য্ন। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। আক্রমণকারীরা অভিযানে ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে বিএনপি বস্তিতে অভিযান চালিয়ে জুয়েল (২৮), আব্দুল আজিজ (২৭), জাহাঙ্গীর (২৬) এবং সুমন (২৮) নামে চারজনকে হেরোইনের শতাধিক পুরিয়াসহ গ্রেপ্তার করে। তিনি জানান, গ্রেপ্তার এ চারজনকে নিয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎ একসঙ্গে দু'শতাধিক নারী-পুরুষ তাদের আক্রমণ করে জাহাঙ্গীর ও সুমনকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে উদ্ধার করা শতাধিক পুরিয়া হেরোইনও ছিনিয়ে নেয়। তারা একটি গাড়ির কাচও ভাঙচুর করে। এ সময় আহত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিরপুর সার্কেলের পরিদর্শক শফিউল্লাহ পাটোয়ারি, সিপাহী তায়জুল ইসলাম এবং গাড়ি চালক মফিজুর রহমান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অধিদপ্তরের কর্মকর্তারা র‌্যাব-২ এর সদস্যদের নিয়ে আবারও অভিযান চালান সেখানে। কিন্তু কাউকে আটক করা যায়নি। ফজলুর রহমান বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে অধিদপ্তর একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়রিও (জিডি) করা হয়েছে। মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. মামুন জানান, সকালে মাদকের উপ-পরিদর্শক গোলাম রব্বানী মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া একটি জিডিও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/২২৪০ ঘ.