ব্রাহ্মণবাড়িয়া, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
তার নাম আব্দুল হান্নান (২০)। তিনি ওই গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূইয়া পিপিএম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে হান্নানকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে খুন করে। এরপর তারা তার লাশটি বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে চলে যায়।
তিনি জানান, সকাল ৮টার দিকে বাড়ির লোকজন হান্নানের লাশ উদ্ধার করে। এরপর খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/
bdnews24