ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার মিয়ানমার গিয়েছেন।
বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মন্ত্রী ও তার তিন সহযোগী রওয়ানা দেন।
চলতি বছরের ৬ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রতিবেশী কোন দেশে এটাই দীপু মনির প্রথম সফর।
এর আগে বুধবার পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহা পরিচালক এবং দুইজন পরিচালক মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
আলোচনায় দ'ুদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ইয়াংগুনের সিদ্ধান্ত বাস্তবায়নে সৈন্য সমাবেশ না করার জন্য পররাষ্ট্র মন্ত্রী সেদেশকে অনুরোধ জানাবেন বলেও জানান পররাষ্ট্র সচিব।
আগামী ১৬ ও ১৭ মে মিয়ানমারের রাজধানী নেপিডোতে ওই দ্বিপাক্ষিক আলোচনা হবে। ১৮ মে বাংলাদেশী কর্মকর্তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বঙ্গোপসাগরের জলসীমাসহ কয়েকটি ইস্যুতে প্রতিবেশী এই দেশটির সঙ্গে বাংলাদেশের বিরোধ রয়েছে।
মিয়ানমার গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার একটি বড় অংশ নিজেদের দাবি করে জাতিসংঘে একটি প্রতিবেদন জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩৬ঘ.
bdnews24