২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবক হাউজিংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আমানতকারীদের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) এর অঙ্গ সংগঠন যুবক হাউজিং এর চেয়ারম্যান লোকমান হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মাগুরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আমানতকারীদের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) এর অঙ্গ সংগঠন যুবক হাউজিং এর চেয়ারম্যান লোকমান হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে। বৃহস্পতিবার মাগুরা সদর থানায় মামলাটি করেন শহরের হাসপাতাল পাড়ার মেহেদী হাসান লিপন। মামলার অপর আসামিরা হলেন- যুবক হাউজিংয়ের স্থানীয় সমন্বয়কারী আ ফ ম সামছুল আলা, সচিব আছাদুজ্জামান কানন, নির্বাহী পরিচালক হোসাইন আল মাছুম, খুলনা বিভাগের সভাপতি মো. রেজা। যুবক হাউজিং এর চেয়ারম্যান লোকমান হোসেন গত ৫ মে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়। লিপন অভিযোগ করেন, মাগুরায় যুবক'র অঙ্গ সংগঠন যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেড গত বছরের ২৬ ফেব্র"য়ারি বাৎসরিক ৩০ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ ৫ হাজার টাকা নেয়। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার পরও তাকে কোনো লভ্যাংশ বা আসল টাকাও ফেরত দেওয়া হয়নি। এছাড়া আসামিরা শহরের তাঁতিপাড়ার ওবাইদুল্লাহর কাছ থেকে পাঁচ লাখ ৫২ হাজার টাকা, স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলামের কাছ থেকে ৬৩ হাজার টাকা, নতুন বাজারের আবুল কাশেমের দুই লাখ ৭০ হাজার টাকা, স্টেডিয়াম পাড়ার নজরুল ইসলামের কাছ থেকে এক লাখ ২০ হজার টাকাসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.