২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির, আখতার, দেলোয়ারকে সংসদীয় কমিটিতে তলব

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইফ খোন্দকার দেলোয়ারকে ১০ জুন আত্মপক্ষ সমর্থনের জন্য সংসসীয় তদন্ত কমিটির সামনে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটতম) - সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইফ খোন্দকার দেলোয়ারকে ১০ জুন আত্মপক্ষ সমর্থনের জন্য সংসসীয় তদন্ত কমিটির সামনে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ মে কমিটি তাদের দুর্নীতির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে প্রকাশ করবে এবং পরে সে বিষয়ে সংসদে আলোচনা হবে। কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া বৃহস্পতিবার সংসদ ভবনে তদন্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান। জমিরউদ্দিন সরকারের 'দুর্নীতির কর্মকাণ্ড' খুঁজে বের করার জন্য সাংসদদের দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ ১৯ মার্চ আওয়ামী লীগ সাংসদ ফজলে রাব্বি মিয়াকে প্রধান করে ১১ সদস্যের একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করেন। ব্যাপক তদন্তের জন্য ফজলে রাব্বীর কমিটি তিনটি উপ-কমিটি গঠন করে। আওয়ামী লীগ সাংসদ এস কে আবু বকরের নেতৃত্বে গঠিত উপ-কমিটি জমিরউদ্দিন সরকারের চিকিৎসা বিষয়ক তহবিল 'অপব্যবহারের' বিষয়টি খতিয়ে দেখছে। এছাড়া জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে গঠিত উপ-কমিটি জমিরউদ্দিন সরকারে দায়িত্বপালনকালে সংসদ সচিবালয়ে কর্মচারী নিয়োগের বিষয়টি খতিয়ে দেখছে। এস কে আবু বকরের উপ কমিটিও বুধবার বৈঠক করেছে। উপ-কমিটিগুলো মূল কমিটিতে তাদের রিপোর্ট পেশ করবে। পরে আলোচনা করে মূল কমিটি প্রাপ্ত তথ্য চুড়ান্ত করবে। পরে তদন্ত কমিটি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও চিফ হুইফ খোন্দকার দেলোয়ারেও দুর্নীতিও তদন্তের সিদ্ধান্ত নেয়। ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটির বৈধতা নিয়ে সাবেক চিফ হুইপ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, কাউকে তলব করার কোনো এখতিয়ার এ কমিটির নেই। ৬ মে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দেলোয়ার বলেন, ''স্পিকার যে কমিটি করেছেন তা সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অবৈধ। এ ধরনের কমিটি করার এখতিয়ার স্পিকারের নেই। সেজন্য কাউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আত্মপ সমর্থনের জন্য তলবের এখতিয়ার এ কমিটির নেই।'' কমিটির টার্মস অব রেফারেন্স সর্ম্পকে তিনি বলেন, ''কমিটি হয়েছে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার সাহেবের কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে। এখন সেই কমিটি সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক চিফ হুইপের কর্মকাণ্ড তদন্ত করছে। তাদের তো সেই এখতিয়ারই নেই?'' সাবেক এ চিফ হুইপ তার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ খন্ডন করে বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। তার রাজনৈতিক ক্যারিয়ার, পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেই তা করা হয়েছে। তিনি ফজলে রাব্বীকে উদ্দেশ করে বলেন, ''তাকে আমি চিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে- তা না খতিয়ে সভাপতি সাহেব নিজেই অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন। তিনি একপেশে অবস্থান নিয়েছেন। রাব্বী সাহেব অন্ধ হয়ে গেছেন। যিনি অভিযোগকারী তিনিই বিচারক ও তদন্তকারী- এটা কিভাবে হয়?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমডি/জিএনএ/১৪২৭ ঘ.