সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত ২/৩ শ' জনকে আসামি করে শ্যামনগর থানায় একটি মামলা করেছে পুলিশ।
বুধবার শ্যামনগর থানার উপ-পরিদর্শক এএসএম সায়েদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ জনকে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাহমুদপুর গ্রামের আরিফুর রহমান, সোনামুড়ি গ্রামের আতাউর, সিরাজপুরের মাসুদ গাজী, বড় কুপোট গ্রামের বাপ্পি, চণ্ডীপুর গ্রামের সাইদুল এবং ঘোলা গ্রামের আবুল হোসেন।
উপজেলার গাবুরা ইউনিয়নে একটি চিংড়ি ঘের দখল নিয়ে আকিজ উদ্দীন হত্যা মামলায় এক আ. লীগ নেতাকে আসামি করার চেষ্টা করা হলে মঙ্গলবার এলাকায় আ. লীগ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24