২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভালো হওয়ার জন্য' মাদকাসক্তের কাণ্ড

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মঙ্গলবার বোমাসদৃশ বস্তু নিয়ে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক। পুলিশকে সে বলেছে, পরিবারের সদস্যরা চিকিৎসা না করানোয় হাসপাতালে ভর্তি হওয়া নিশ্চিত করতেই সে এই কাজ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মঙ্গলবার বোমাসদৃশ বস্তু নিয়ে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক। পুলিশকে সে বলেছে, পরিবারের সদস্যরা চিকিৎসা না করানোয় হাসপাতালে ভর্তি হওয়া নিশ্চিত করতেই সে এই কাজ করেছে। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈমাম হোসেন সুমন (৩৪) নামে ওই যুবক সন্ধা সোয়া সাতটার দিকে একটি ব্যাগে ৬টি বোমা সদৃশ বস্তু নিয়ে ল্যাব এইড হাসপাতালের প্রফেসর একে মিয়ার কক্ষে প্রবেশ করে। সে ব্যাগ তুলে এগুলো বের করতে শুরু করলে চিকিৎসক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যান। প্রহরীরা সুমনকে আটক করে পুলিশে খবর দেয়। উপ-পুলিশ কমিশনার বলেন,"টিনের কৌটার মধ্যে ম্যাচের কাঠি, কাপড় ভরে লাল টেপ পেঁচিয়ে বোমাসদৃশ বস্তু বানানো হয়েছে। এছাড়া কয়েকটি কেরোসিনের বোতলও ছিলো। এভাবে ভয় দেখানোতে তার কি উদ্দেশ্য ছিল, সেটি আমরা খতিয়ে দেখছি।" ধানমন্ডি থানার হাজতখানার সামনে সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমি ভালো হতে চাই। বিভিন্ন ক্লিনিকে ভর্তির জন্যে ঘোরাঘুরি করেছি। কিন্তু ভর্তি নেয় নাই। তাই জেলে গিয়ে ভালো হতে চাই। পুলিশ যাতে আমাকে গ্রেপ্তার করে সে জন্যে ম্যাচের কাঠি দিয়ে বোমার মতো বানিয়ে ল্যাব এইড হাসপাতালে গিয়েছি।" এ ব্যাপারে সুমনের বাবা মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"তাকে আমরা এর আগে অনেকবার চিকিৎসা করিয়েছি। কিছুদিন আগে সে আবার চিকিৎসার কথা বললে আমি তার বড়ভাইকে ব্যবস্থা করতে বলেছি। কিন্তু ভর্তির কথা বললেই সে বলে, তার আর ভর্তির দরকার নেই। এরপরেই সে এ কাণ্ড ঘটিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.