২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্না হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মৃত্যু মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। মামলার আসামি গুলশানের ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মৃত্যু মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। মামলার আসামি গুলশানের ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে। মঙ্গলবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। বিচারক মো. ফিরোজ আলম পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন ১৫ জুন। আদালতে এ সময় মান্নার স্ত্রী শেলী এবং বাদীর আইনজীবী ব্যারিস্টার মুশফিকুল হুদা উপস্থিত ছিলেন। গত বছরের ১৭ ফেব্র"য়ারি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ভোর সাড়ে ৬টার সময় মান্নাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়। এরপর মান্নার স্ত্রীর বড় ভাই রেজা কাদের ওই হাসপাতালের ছয় চিকিৎসককে অভিযুক্ত করে মামলা করেন। এরা হলেন- মো. এনায়েত হোসেন শেখ, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব সোহাইল, ফাতেমা, মঈনুল ইসলাম এবং জহির উদ্দিন মাহমুদ। মামলায় অভিযোগ করা হয়, সঠিক সময়ে চিকিৎসা না করায় মান্না মারা গেছেন। মান্নাকে প্রকৃতপক্ষে হত্যা করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তারা জামিন নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এজে/এমএসবি/১৭৩৪ ঘ.