২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে প্রশিকা কর্মীদের বিক্ষোভ চলছে

চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পদত্যাগ, বকেয় বেতন-ভাতা আদায় ও বৈষম্যমূলক নীতি সংশোধনসহ ১৯ দফা দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর-২ এ প্রশিকার প্রধান কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে কার্যালয়ের ভেতরেও বিক্ষ্ভো করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পদত্যাগ, বকেয় বেতন-ভাতা আদায় ও বৈষম্যমূলক নীতি সংশোধনসহ ১৯ দফা দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর-২ এ প্রশিকার প্রধান কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে কার্যালয়ের ভেতরেও বিক্ষ্ভো করে তারা। দাবি আদায়ে লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ ধরে কর্মবিরতির পাশাপাশি সারাদেশে প্রশিকার সব শাখায় শান্তিপূর্ণ বিক্ষোভ, মানববন্ধন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করছেন কর্মীরা। মোদাচ্ছের হোসেন মাসুম নামে প্রশিকার এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। প্রতিদিনের মত আজও (মঙ্গলবার) বিক্ষোভ করেছেন এবং প্রধান কার্যালয়ের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান কর্মসূচিও পালন করেন। পরে প্রতিষ্ঠানের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান মাসুম। গত ২৯ এপ্রিল প্রশিকার পরিচালক (মাঠ কর্মকাণ্ড) কামরুল হাসান কামাল ও কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজী ফারুক প্রশিকাকে তার ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এর ভাবমূর্তি নষ্ট করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় দেশি-বিদেশি দাতারা প্রশিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা অভিযোগ করেন, ২০০৮ সালের ৮ অক্টোবর 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামে একটি রাজনৈতিক দল গঠনের পর তাতে যোগ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্য করেছেন কাজী ফারুক। বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধিমালা থাকলেও সেসবের তোয়াক্কা না করে তিনি নিজের ইচ্ছামতো সংগঠনটি পরিচালনা করেন। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কর্মীদের ১৯ দফা দাবির মধ্যে ১০ কেন্দ্রীয় সমন্বয়কারীকে সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বের প্রত্যাহার, মূল্যায়ন পদ্ধতির সংশোধন, তথাকথিত মূল্যায়নের মাধ্যমে ২৫ শতাংশ বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, উদ্দেশ্যমূলকভাবে গঠিত ট্রাস্টগুলো ভেঙ্গে দেওয়া, কর্মী কল্যাণ তহবিল ও উৎসব ভাতা থেকে কর্তন করা অংশের তহবিলের ব্যবহার খতিয়ে দেখা, মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন আদায় ও একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন উল্লেখযোগ্য। এসব অভিযোগ প্রসঙ্গে গত ২৯ এপ্রিল কাজী ফারুক বলেছিলেন, কর্মীদের সব দাবি মিথ্যা। কোনো বেতন বকেয়া নেই, তহবিল তছরুপ বা কোনো স্বজনপ্রীতি করা হয়নি। বিএনপি-জামায়াতের সহযোগিতায় বাইরের মদদে কিছু লোক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/এমএসবি/১৬৪৫ ঘ.