ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক দুটি মামলায় যুবক হাউজিং ও রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন প্রতারণার অভিযোগ স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কনিকা বিশ্বাস তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
লোকমান হোসেনকে ৫ মে পৃথক দুটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক আতিকুর রহমান সোমবার পৃথক দুটি মামলায় লোকমান হোসেনকে আদালতে হাজির করে জানান, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান।
পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকমান হোসেন প্রতারণার অভিযোগ স^ীকার করে জবানবন্দি দেন বলে তিনি জানতে পেরেছেন। জনগণকে জমি বরাদ্দ দেওয়ার নামে কিভাবে প্রতারণা করেছেন লোকমান তাও জবানবন্দিতে উল্লেখ করেন।
গত ৪ মে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ধানমন্ডি থানায় জনৈক আশরাফ হোসেনের দায়ের করা মামলায় এবং একই থানায় আইনজীবী আবুল কাশেমের দায়ের করা অপর একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
প্রথম মামলার বাদির স্ত্রীকে যুবক হাউজিং প্লট দেওয়ার কথা বলে লোকমান ও তার সহযোগীরা ৩০ লাখ টাকা নেয়। অপর মামলার বাদিকে হাউজিং প্রকল্পের সদস্য বানিয়ে তার লগ্নি করা ১৯ লাখ ৬৫ হাজার টাকা তারা আত্মসাত করে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24