ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, ধর্ষণ, গুম ও অগ্নিসংযোগের অভিযোগে মাগুরা, সুনামগঞ্জ, মেহেরপুর ও কিশোরগঞ্জে ৩৩ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাগুলো দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
মাগুরা: হত্যা, লুটপাট, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে আট 'রাজাকারের' বিরুদ্ধে মামলা করেছেন মাগুরা শহরের ভায়না এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার খান আলী রেজা।
মুখ্য বিচার বিভাগীয় হাকিম শেখ জালাল উদ্দিন অভিযোগটি এজাহার হিসাবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানাকে নির্দেশ দেন।
আসামিরা হলেন- মাগুরা শহরের ইসলামপুর পাড়ার বাসিন্দা কবির হোসেন, কাউন্সিলপাড়ার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত রেজাউল ইসলাম রিজু, মৃত আমজাদ হোসেন, মীর মনসুর আলী, পূর্বপাড়ার মৌলভী মাহবুবুর রহমান, সদর উপজেলার আলোকদিয়া গ্রামের প্রয়াত সৈয়দ ওবাইদুর রহমান, শ্রীরামপুর গ্রামের মো. হাসনু ও মির্জাপুর গ্রামের ফতেহ আলী।
এজাহারে কবির হোসেন ও রেজাউল ইসলাম রিজুকে যথাক্রমে শহরের রাজাকার বাহিনীর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার বাহিনী ও শান্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকে মুক্তিযোদ্ধা হত্যাসহ পুরো জেলায় হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণে নেতৃত্ব দেয়। তাদের প্রত্যক্ষ সহাযোগিতায় মাগুরার কৃতি ফুটবলার লুৎফর রহমান লুতু, কবির হোসেন ও হেলেনা খাতুন সে সময় পাক বাহিনীর হাতে খুন হন। এ ছাড়া তাদের নেতৃত্বে আরও অনেক হত্যাকাণ্ড ও নির্যাতন চলে।
সুনামগঞ্জ: মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গুম করার অভিযোগে সুনামগঞ্জে সাত 'রাজাকারের' বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা মহরম আলীর স্ত্রী রঙমালা বিবি ওরফে সুন্দরমালা।
মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় হাকিম হাসানুল ইসলাম বিশ্বম্ভরপুর থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- ময়মনসিংহের বাহাদুরপুর গ্রামের তারিক উল্লাহর ছেলে মৌলভী নুরুল ইসলাম (৭৩), একই গ্রামের আব্দুল আহাদরে চার ছেলে আব্দুর রাজ্জাক (৬৬), আব্দুল মুনাফ (৬১), আব্দুল হান্নান (৫১), আব্দুল জলিল (৫৮), বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের আকরম আলীর ছেলে দিলু মিয়া (৬৪) এবং সুনামগঞ্জ সদর উপজেলার আহমদ আলীর ছেলে মাহমুদ আলী (৭১)।
মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় মহরম আলী স্ত্রী সন্তানদের দেখতে বাড়ি আসেন। এ সময় মৌলবী নুরুল ইসলামসহ আসামিরা মহরম আলীকে ধরে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। এরপর থেকে আর তাকে খুঁঁজ পাওয়া যায়নি।
মেহেরপুর: হত্যার অভিযোগে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে মামলা করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বুলু মণ্ডল।
মুখ্য বিচার বিভাগীয় হাকিম মাহফুজুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আসামিরা হলেন- গাংনী উপজেলার চৌগাছা ও মালসাদহ গ্রামের ইউনুস (৫৫), নজরুল (৫৭), সাত্তার (৫১), হাসানুজ্জামান (৫৮), এয়াকুব আলী (৬২) ও ইছারুদ্দিন (৬৬)।
মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৩ অক্টোবর আসামিরা বাদীর বাবা মুক্তিযোদ্ধা হারেজ উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর শারীরিক নির্যাতনের পর প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করে।
কিশোরগঞ্জ: হত্যার অভিযোগে কিশোরগঞ্জে ১২ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাইকুড়া গ্রামের শহীদ সতীশ চন্দ্র ঘোষের স্ত্রী সঞ্জুবালা ঘোষ।
কিশোরগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আবু তাহের মো. সাঈদ মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- হাছেন আলী, আব্দুল মন্নাছ, হাইছ উদ্দিন, জিলু মিয়া, দস্তর আলী, শামেজ আলী, করিম ভূঞা, নুরুল ইসলাম, দুলাল, ফজলুর রহমান, ইদ্রিছ আলী ও রশিদ ভূঞা।
অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের শুরুতে জীবন বাঁচাতে বাদী তার স্বামী ও পরিবারের অন্য সদস্যরা নৌকাযোগে ভারত রওয়ানা দেন। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাঁও এলাকার মাকরান বিলে পৌঁছার পর রাত ৮টার দিকে 'রাজাকার' হাছেন আলীসহ অন্যরা নৌকায় হামলা চালায়। প্রথমে তারা বাদীর স্বামী সতীশ চন্দ্র ঘোষ এবং তার দুই সহোদর সুরেশ চন্দ্র ঘোষ ও জগদীশ চন্দ্র ঘোষকে গুলি করে হত্যা করে। এর পর পর্যায়ক্রমে পরিবারের আরও ৫ সদস্য সুকুমার ঘোষ, তার সহোদর ননী চন্দ্র ঘোষ এবং তাদের বাবা রোহিনী চন্দ্র ঘোষসহ অপর দুই নিকট আত্মীয় কৃষ্ণ চন্দ্র ঘোষ ও নরেন্দ্র চন্দ্র ঘোষকে গুলি করে হত্যা করে। এরপর সবকটি লাশ তারা দামিহার নদীতে ভাসিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24