ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আইনের কয়েকটি ধারা সংশোধনের বিষয়ে শিগগিরই সরকারের সঙ্গে আলোচনায় বসবে ইসি।
এছাড়া ভারতের মতো বাংলাদেশেও ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুর চিন্তা ভাবনা করছে তারা।
সোমবার কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, "স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় আইনের কয়েকটি ধারা সংশোধনের জন্য আমরা শিগগিরই সরকারের সঙ্গে আলোচনায় বসবো।"
এখন কোনো সমস্যা দেখা না দিলেও ত্র"টি সংশোধন করা না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে বলে জানান ছহুল হোসাইন।
এর আগে ৩ মে স্বাধীন ইসি সচিবালয় আইনের একটি ধারাকে তিনি 'সংবিধান পরিপন্থী' বলে মন্তব্য করেছিলেন।
ছহুল হোসাইন বলেন, "ওই আইনে সচিব ও সিইসিকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। এটা সংবিধানসম্মত নয়। এ আইনের কিছু ফাঁক রয়েছে। তিন নির্বাচন কমিশনার বসে আলোচনা করে তারপর সরকারের সঙ্গে বসবে।"
গত ৭ মে এক প্রতিক্রিয়ায় সিইসি এটিএম শামসুল হুদা স্বাধীন সচিবালয়ের আইন নিয়ে নির্বাচন কমিশনারদের বক্তব্য নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করার পরামর্শ দেন।
এর আগে স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় আইনের কয়েকটি ধারায় ত্র"টি রয়েছে জানিয়ে ৫ (৩) ও ১৪ ধারার সমালোচনা করেন দুই নির্বাচন কমিশনার।
বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করার বিষয়ে ছহুল হোসাইন বলেন, "ভারতের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এদেশেও এ ধরনের পদ্ধতি চালু করার চিন্তা কমিশনের আছে।"
গত সোমবার কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন ভারতের লোকসভা নির্বাচন পর্যবেক্ষণে যান। ছহুল হোসাইন ৯ মে দেশে ফিরেছেন। আগামী ১৬ মে সাখাওয়াত হোসেনের দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২৫২ঘ.
bdnews24