ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উগান্ডার সফররত উপ-রাষ্ট্রপতি গিলবার্ট বুকেনিয়া রোববার সকালে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম দেখার জন্য মানিকগঞ্জ সফর করেন।
বুকেনিয়া সকাল থেকে নয়াডিঙ্গি এলাকায় ব্র্যাকের স্যানিটারি ন্যাপকিন কেন্দ্র, সদর উপজেলার সদরপুর ও গড়পাড়ায় আয়েশা আবেদ ফাউন্ডেশন উপকেন্দ্রের হস্ত ও তাঁত শিল্প পরিদর্শন করেন।
বিকেলে তিনি সাটুরিয়া উপজেলার দরগ্রামের ব্র্যাকের সদস্যদের সঙ্গে কথা বলেন। এখানকার ব্র্যাকের দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটিও পরিদর্শন করেন তিনি।
গিলবার্ট বুকেনিয়া এসময় বলেন, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রচেষ্টায় বাংলাদেশের গ্রামের মানুষের উন্নয়ন হয়েছে। তারা বাড়িতে বসেই উপার্জন করতে পারছে। তিনি ব্র্যাকের কারিগরি সহায়তায় তার নিজের দেশের গ্রামগুলোতে হস্তশিল্প কার্যক্রম চালু করার আগ্রহ প্রকাশ করেন।
আফ্রিকার দেশ উগান্ডায় ২০০৬ সালে ব্র্যাকের কার্যক্রম শুরু হয়। সেখানে ৮৫টি কেন্দ্রের ১০০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৫ জন বাংলাদেশি রয়েছে বলে জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে উগান্ডার হাইকমিশনার নিমিশা জে. মাধভানি, ব্র্যাকের নির্বাহী পরিচালক (আন্তর্জাতিক) আমিনুল আলম এবং উপ-নির্বাহী পরিচালক ইমরান মতিন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এসকে/২৩৫৬ঘ.
bdnews24