২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট পরীক্ষামুলক চালু

ভোলায় গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শনিবার কেন্দ্রটি চালু করার আগে শুক্রবার গ্যাস সংযোগ দিয়ে ৫টি স্তরে সফল পরীক্ষা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ভোলা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শনিবার কেন্দ্রটি চালু করার আগে শুক্রবার গ্যাস সংযোগ দিয়ে ৫টি স্তরে সফল পরীক্ষা করা হয়। আগামী ৩/৪ দিনের মধ্যে এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে ভোলার চাহিদা পূরণের পর জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান নির্মাতা প্রতিষ্ঠান ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেড এর কর্মকর্তারা। ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকায় স্থাপিত এ বিদ্যুৎ প্রকল্পটি ২০০৮ সালের ১৫ মে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা ছিল। এ জন্য গত এক বছরে কয়েক দফা সময় নেয় এই নির্মাতা প্রতিষ্ঠান। ভেনচার এনার্জির প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী নাদিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "পরীক্ষাগুলো সফলভাবেই চালানো হয়েছে। আগামীতে আর কোনো সমস্যা নেই।" তিনি বলেন, "গতকাল (শুক্রবার) থেকে পূর্ণগতিতে গ্যাস টারবাইন মেশিন পরীক্ষামূলক চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩/৪ দিন টানা এ পরীক্ষা চলবে। এভাবে পরীক্ষার পর উৎপাদনে যাওয়া যাবে।" নিয়মিত উৎপাদন নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে বলে জানান প্রকৌশলী নাদিরুজ্জামান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১২ঘ.