চট্টগ্রাম, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বাটালি রোড এলাকার নিজ বাসা থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে।
নিহতের নাম হেলাল উদ্দিন (৩১)। তিনি বাঁশখালী উপজেলার ওসমান গনির ছেলে। ঘটনার পর থেকে হেলালের স্ত্রী হোসনে আরা পলাতক রয়েছেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক আহম্মদ-এর মালিকানাধীন ভাড়া বাসায় হেলালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দুপুর সাড়ে বারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হোসনে আরা তাকে হত্যা করে থাকতে পারে।
তিনি বলেন, ঘটনার পর থেকে হোসেনে আরা ও তার সাত বছর বয়সী ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ হোসনে আরাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকম/এমসি/টিআর/২২৩৭ ঘ.
bdnews24