ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার ভোরের মধ্যে দেশে ফিরছেন।
তবে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ বলে এখনই আসছেন না।
শনিবার সন্ধ্যায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সুধা সদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জয় দেশে ফেরার জন্য সব প্রচেষ্টা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জয় দেশে পৌঁছবে বলে আমরা আশা করছি।"
তবে কানাডায় বসবাসরত মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ হওয়ায় এখনই তার দেশে আসার সম্ভাবনা কম বলেও জানান তিনি।
গত মাসে পুতুল একটি কন্যা সন্তানের মা হয়েছেন।
পুতুলের শ্বশুর প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সন্ধ্যায় সুধা সদন থেকে বেরিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসুস্থতার কারণে পুতুল এখনই আসতে পারছে না।"
এছাড়া পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেনের বন্ধু নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে আটটার দিকে পুতুলের সঙ্গে তার কথা হয়েছে। পুতুল তাকে জানান সদ্যজাত সন্তান ও তিনি নিজে কিছুটা অসুস্থ।
ড. ওয়াজেদের পরিবারের একাধিক সদস্যও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাবার মৃত্যুর খবর জানার পরপরই জয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন।
সর্বশেষ এপ্রিল মাসের প্রথম দিকে সজীব ওয়াজেদ জয় অসুস্থ বাবাকে দেখতে দেশে আসেন। পরে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনি সৌদি আরব যান। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্র ফিরেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএল/এসকে/২০২৪ঘ.
bdnews24