নাটোর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুরে হাগড়াগাড়ি গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংষর্ঘে আহত আরও একজন শনিবার মারা গেছেন।
একটি হত্যা মামলা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে শুক্রবার বিকেলে দু'দলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি সমর্থক চয়ন প্রামাণিক মারা যান।
সংঘর্ষে গুলিবিদ্ধ আওয়ামী লীগ সমর্থক আব্দুর রশিদ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে আব্দুর রশিদের দেহে অস্ত্রোপচার করা হয়। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে ওসি জানান।
ওসি তরিকুল জানান, সংঘর্ষে নিহত চয়নের স্ত্রী নাদিরা বেগম শুক্রবার রাতে লালপুর থানায় ২৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ রাতেই চারজনকে গ্রেপ্তার করে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন- আসাদুজ্জামান (২২) ,মমতাজ বেগম (৪০), শারমিন সুলতানা (২৮) ও আঞ্জুমান আরা (২৮)।
তিনি আরও জানান, বিএনপি সমর্থক চয়নের লাশ বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত শেষে লাশ নিজ গ্রাম হাগড়াগাড়িতে পেঁঁৗঁছালে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শনিবার দুপুরে আব্দুর রশিদের মৃত্যুর খবর গ্রামে পেঁৗঁছালে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের আবারও উত্তেজনা দেখা দেয়। পুলিশের সতর্কতার কারণে নতুন করে আর সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24