ঢাকা,মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রি পরিষদের সদস্যরা পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মাসখানেক রাজধানীর স্কয়ার হাসপাতালে থাকার পর শনিবার বিকেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজেদ মিয়া।
স্পিকার মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট এক শোকবার্তায় দেশ ও জাতির উন্নয়নে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে ড. ওয়াজেদ মিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন," তার মৃত্যুতে দেশ এক প্রতিভাবান পরমাণু বিজ্ঞানী ও মুক্ত মনের মানুষকে হারালো।"
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার শওকত আলীও শোক প্রকাশ করেন।
এছাড়াও ভিন্ন ভিন্ন শোক বার্তায় মন্ত্রীসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯৪৫ঘ.
bdnews24