বরিশাল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চর সিংহেরকাঠীতে বৃহস্পতিবার রাতে সিরাজ হাওলাদার (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত।
সিরাজ পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। তিনি একই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান চৌধুরী জানান, কাজ শেষে বৃহস্পতিবার রাতে সিরাজ একই এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। ফেরার পথে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সিরাজকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানেই তিনি মারা যান।
লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24