ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
আখতার হামিদ সিদ্দকীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
গত ২১ মার্চ আখতার হামিদকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। তিনি এখন নওগাঁ কারাগারে আছেন।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বুধবার নওগাঁর মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কয়েকটি চাঁদাবাজির মামলাও হয়।
আটকাদেশের বৈধতা নিয়ে তার পক্ষে ফারিয়া তাজিন সিদ্দিকী রিট দায়ের করলে তার আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট গত ৫ এপ্রিল সরকারের প্রতি রুলনিশি জারি করে।
রিটটির ওপর চূড়ান্ত শুনানিতে আখতার হামিদ সিদ্দিকীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট আফজাল এইচ খান। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান।
আদেশের পর আফজাল এইচ খান বলেন, "আখতার হামিদ সিদ্দিকীর আটকাদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। অন্য কোনো মামলা না থাকলে তাকে মুক্তি দিতে বলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এইচএ/১৫৫৫ ঘ.
bdnews24