ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মুখপাত্র এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর খোদ রাজধানীতে বুধবার ভোররাতে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন ওরফে দেলোয়ার হোসেন দিলু (৩৫)। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যামামলাসহ সাতটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার জন্য সন্ত্রাসীদের জড়ো হওয়ার খবর পেয়ে র্যাব-১০ এর একটি দল ভোররাত সোয়া তিনটার দিকে শহীদনগরে যায়। তখন সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।"
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, "বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। একটি গণতান্ত্রিক দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা করতে গিয়ে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতিয়ার হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, "ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ আইনের সঙ্গে সংযুক্ত নয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।"
প্রায় চার মাস আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের একাধিক মন্ত্রী 'ক্রসফায়ার' বন্ধ করা হবে বলে জানিয়েছিলেন।
আজাদের দাবি, উভয় পক্ষের মধ্যে ২০-২৫ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ এবং দুটি পিস্তল উদ্ধার করে র্যাব।
তিনি জানান, মৃতদেহটি দিলুর বলে স্থানীয়রা সনাক্ত করে।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য কর্পোরাল জয় গোপাল দাস ও ল্যান্স কর্পোরাল নাসির উদ্দিনও আহত হয় বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এইচএ/জিএনএ/১১৫২ ঘ.
bdnews24