২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রসফায়ারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না'

ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'হাতিয়ার' হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'হাতিয়ার' হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত এ নেতা বলেন, "বাংলাদেশ আবার গণতান্ত্রিক দেশে ফিরে এসেছে। একটি গণতান্ত্রিক দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা করতে গিয়ে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতিয়ার হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না।" মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ আইনের সঙ্গে সংযুক্ত নয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।" প্রায় চার মাস আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের একাধিক মন্ত্রী 'ক্রসফায়ার' বন্ধ করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের চারমাসে বেশ কয়েকটি 'ক্রসফায়ার' বা 'এনকাউন্টার'-এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবারও সাভারে র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। সাধারণত সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের সময় কথিত সহযোগীদের অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে ক্রসফায়ারের ঘটনা ঘটে বলে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/এসকে/২০০৪ঘ.