২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহানকে (৪৫) সোমবার গভীর রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

রাজবাড়ী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহানকে (৪৫) সোমবার গভীর রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোবহানের বাড়ি একই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দু-তিনদিন আগে সোবহান তার ছেলের শ্বশুর গণি মণ্ডলের বাড়ি মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে বেড়াতে যান। সোমবার রাত ১০টায় দিকে তিনি ওই বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময়ই ৮/৯ জনের কালো গেঞ্জি ও হাফপ্যান্টস পরা এবং মাথায় গামছা বাধা একদল অস্ত্রধারী তাকে তুলে নিয়ে মাছপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে বুকে গুলি করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ফজলুর রহমান জানান, সোবহান আগে স্থানীয় চরমপন্থী দল সাগর বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে পাংশা থানায় চাঁদাবাজির একটি মামলাও রয়েছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান, বসা কুষ্টিয়া বাজারে কয়েক দিন আগে প্রতিপক্ষের সঙ্গে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.