সাতক্ষীরা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষক না আসায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একমাস যাবত বন্ধ রয়েছে।
এ বিদ্যালয়ের তিন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষিকা জেরিন ফরহাদ ঈশা তিন মাসের চিকিৎসা ছুটিতে আছেন। সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান ও শামছুন্নাহার অন্যত্র বদলি হয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ঘরটি গত প্রায় এক মাস যাবত তালাবন্ধ। ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে আসে। মাঠে কিছুক্ষণ খেলাধুলা করে। তারপর বাড়ি ফিরে যায়।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নতুন এসেছেন। শিক্ষক স্বল্পতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অচিরেই সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24