ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এ সংক্রান্ত দুদেশের খসড়া সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার এ কথা জানিয়েছেন।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নাজমুল হুদা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাসে এব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। রাশিয়ার একজন মন্ত্রী এ মাসেই ঢাকা সফরে আসবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৩১ মার্চ থেকে এ বিষয়ে ঢাকায় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে তিন দিনব্যাপী আলোচনায় সমঝোতা স্মারকের এ খসড়া চূড়ান্ত করা হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা
চূড়ান্ত করা হবে চূড়ান্ত চুক্তিতে। তবে বাংলাদেশ সরকার ১০০০ মেগাওয়াটের দু'টি ইউনিট স্থাপন করতে চায়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাশিয়া বাংলাদেশকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুদান নয় বরং সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই শর্ত নিরূপণ করবে।
রাশিয়া ভারত,চীন, ইরানসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত মোট ৬৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এরমধ্যে শুধু গত বছরই স্থাপন করেছে ১০টি। এছাড়া বর্তমানে তারা আরও ১১টি কেন্দ্র স্থাপনের কাজ করছে।
পাকিস্তান আমলে বাংলাদেশে প্রথম ১৯৬১ সালে পাবনার রূপপুরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল, যা আর এগোয়নি। রাশিয়া এই রূপপুর প্রকল্পের ব্যাপারেই আগ্রহী।
বর্তমানে সারা বিশ্বে মোট উৎপাদিত বিদ্যুতের ১৬ শতাংশের যোগান দিচ্ছে ৪৩৯ টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/২১১০ঘ.
bdnews24