সাভার, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় সোমবার ভোরে র্যাবের সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক র্যাব সদস্য।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তোতা মিয়া (৩৫) ডাকাত দলের প্রধান। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মানিকনগর এলাকার প্রয়াত তিলাম উদ্দিনের ছেলে।
তোতার বিরুদ্ধে ধামরাই থানায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা হেদায়েতুল্লাহ হত্যা মামলাসহ কয়েকটি ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলেও তারা জানান।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের ৭/৮ জন সদস্য ছোট কালিয়াকৈর এলাকার কালিয়াকৈর মসজিদের পিছনে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তারা খবর পান।
র্যাব কর্মকর্তা মো. শামছুল ইসলামের নেতৃত্বে একটি দল ভোর সোয়া ৫টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। এতে র্যাব সদস্য আরিফুল ইসলাম আহত হন।
এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রায় ১৫ মিনিট দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে তিনি জানান।
পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার, ১১টি গুলির খোসা, দুটি খালি ফেনসিডিলের বোতল ও দুটি চাপাতি উদ্ধার করেছে।
আহত র্যাব সদস্যকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24