২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই'র সাবেক পরিচালক শাহাবুদ্দিন তিনদিনের রিমান্ডে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আটক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আটক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কর্মকর্তারা। হাকিম আবু হান্নান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকউিশন) মো. ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহাবুদ্দিন এখন সিআইডি'র হেফাজতে আছেন।" মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বলেন, "শাহাবুদ্দিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।" এ মামলায় গ্রেপ্তার এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের জবানবন্দির ভিত্তিতে এনএসআই'র সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিনকে শনিবার রাতে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আনা হয় চট্টগ্রামে। শনিবার বিকেলে মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে আকবর হোসেন বলেছেন, শাহাবুদ্দিনের নির্দেশে তিনি অস্ত্র খালাসের জন্য ট্রাক ভাড়া করেছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাটে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র খালসের সময় শাহাবুদ্দিন এনএসআই'র পরিচালক (নিরাপত্তা) হিসেবে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এজে/জিএনএ/১৬৪১ ঘ.