২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ আইনে সাংসদদের কর্তৃত্ব বাতিল দাবি

নবম জাতীয় সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ আইনে সাংসদদের পরামর্শ বাধ্যতামূলক সংক্রান্ত ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় আহবায়ক হারুন-অর-রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 06:02 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

বগুড়া, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ আইনে সাংসদদের পরামর্শ বাধ্যতামূলক সংক্রান্ত ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় আহবায়ক হারুন-অর-রশিদ। তিনি বলেন, এ ধারা বাতিল না করা হলে স্থানীয় সরকার শক্তিশালী হবে না। বগুড়া পর্যটন মোটেলে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন (এবিইউপি) আয়োজিত এক মতবিনিময় সভায় শনিবার তিনি এ কথা বলেন। রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এতে যোগ দেন। হারুন-অর-রশিদ বলেন, উপজেলা পরিষদ আইন ২০০৯-এ সাংসদদের যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তা সংবিধান পরিপন্থী। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার বিরাজনীতিকীকরণ, আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে যেভাবে উপজেলা অধ্যাদেশ জারি করেছিল তা থেকে উত্তরণের একমাত্র পথ ছিল ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনটির যথাযথ বাস্তবায়ন। কিন্তু তা করা হয়নি। সভায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বলেন, দেশের উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যানদের বিষয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে । বগুড়ার ধুনট উপজেলা চেয়ারম্যান টিআই নুরুন্নবী তারেক উপজেলা পরিষদ বিষয়ে সংসদের বর্তমান সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলেন, নেত্রীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে, যাতে এ নিয়ে কেউ সরকার পতনের আন্দোলনের দিকে না এগোয়। গোবিন্দগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু বলেন, শুধুমাত্র সাংসদদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের কর্তৃত্ব নিয়ে আন্দোলন করলেই চলবে না। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা কীভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন সে বিষয়টি নিয়েও ভাবতে হবে। অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সচিব বদিউজ্জামান বাদশা, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন সবুজ, যুগ্ম আহবায়ক কাজী ওয়াহীদ, মজিবর রহমান মজনু, টিআই নুরুন্নবী তারেক, বিশ্বনাথ সরকার, কেন্দ্রীয় সদস্য শওকত হাসানুর, মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা প্রমুখ। সভা শেষে বগুড়ার শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুকে আহবায়ক ও সিরাজগঞ্জের তাড়াস উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন মিলনকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের রাজশাহী বিভাগীয় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়। কমিটিতে ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ৮ জন পুরুষ ভাইস চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫০ঘ.