সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে শনিবার আরও এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
বুকে ব্যাথা নিয়ে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গাজী সালাহউদ্দিন।
মৃত জওয়ানের নাম- রেনু মিয়া (৪৩)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বাঘারচর ইউনিয়নের আমবাড়ি গ্রামে।
এর আগে মার্চ মাসে সেক্টর সদর দপ্তরের বাথরুম থেকে ওলিউর রহমান নামে এক বিডিআর জওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল।
শনিবার রাতে বাংলাদেশ রাইফেলস এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেনু মিয়া ২০ রাইফেলস ব্যাটালিয়নে নায়েক (নম্বর-৪৭৬৬৩) পদে কর্মরত অবস্থায় বিশেষ কাজে তিনি সিলেটে সেক্টর সদর দপ্তরে সংযুক্ত ছিলেন।
অসুস্থ হয়ে পড়লে রেনুকে প্রথমে সেক্টর মেডিকেল কর্মকর্তার কাছে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং পরে ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল কলেজ থেকে দেওয়া রেনু মিযার মৃত্যুসনদে বলা হয়েছে তিনি হৃদরোগ মারা গেছেন।
৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টায় দুপুরের খাবার খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে রেনু মিয়াকে সেক্টর সদর দপ্তর থেকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ইসিজি করার সময় রেনু অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিআর জওয়ানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24