ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ জনপদের বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর পাবলিক অ্যাসেটস (রিওপা) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
শনিবার নরসিংদীর পলাশ উপজেলার ভাঙ্গা ইউনিয়নে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ভারপ্রাপ্ত প্রধান চার্লস হুইটলি।
দেশের ৬টি জেলার ৩৮৮টি ইউনিয়নে প্রকল্পটি চালু রয়েছে। ২০১১ সাল পর্যন্ত এটি চলবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বিধবা বা স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের অংশগ্রহণে এই প্রকল্প চলছে। স্থানীয় এনজিও'র সমন্বয়ে গ্রামের মাটির রাস্তা মেরামতের বিনিময়ে প্রতিদিন ১০০ টাকা করে পাবেন এসব নারী। এর মধ্যে ৭০ টাকা নগদে, বাকিটা দুই বছর পর একসঙ্গে পাবেন তারা। প্রকল্পে অংশ নেওয়া কর্মীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রেসনার ও প্রকল্প পরিচালক আকমল হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেসনার বলেন, "নগদ অর্থের মাধ্যমে এ প্রকল্পের নারীরা তাদের দারিদ্র্য দূর করতে পারছেন। পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতাও বাড়ানো হচ্ছে। প্রকল্প শেষে জমানো অর্থ দিয়ে তারা যেন কিছু একটা করে খেতে পারেন- সেজন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২২৫০ ঘ.
bdnews24