সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট অঞ্চলের শিক্ষার হার বাড়াতে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে।"
শনিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর কলেজ প্রাঙ্গণে ভাদেশ্বর উন্নয়ন সমিতি-ইউকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "বিগত চারদলীয় জোট সরকারের সময় শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষাক্ষেত্রে বরাদ্দের সঠিক ব্যবহার হলে আজ শিক্ষাব্যবস্থার এ হাল হত না।"
তিনি জানান, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে।
ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালিক আহমদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলাদীন, পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু প্রমুখ।
শিক্ষামন্ত্রী দু'দিনের সফরে শুক্রবার রাতে সিলেট আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24