পাবনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘাটতি মেটাতে সরকার হাইড্রলিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শনিবার সকালে পাবনার বেড়ায় পানি উন্নয়ন বোর্ডের সেচ পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "যমুনা নদী থেকে পাম্পের মাধ্যমে 'পাবনা সেচ ও পল্লী উন্নয়ন' প্রকল্পের ১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। এ সেচ প্রকল্পকে বহুমুখী করার লক্ষ্যে সেচ পাম্প থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাও চিন্তা ভাবনা করা হচ্ছে।"
শামসুল হক সেচ প্রকল্পের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
বিকেলে প্রতিমন্ত্রী বেড়া উপজেলার সিন্ডবি বাজারে মে দিবস উপলক্ষে এক জনসভায় ভাষণ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24