২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

রাজশাহী মহানগরীতে শনিবার দুপুরে বস্ত্র ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। চোরাই চেইন কেনার ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার জের ধরে সংঘর্ষের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমায়ুন কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

রাজশাহী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীতে শনিবার দুপুরে বস্ত্র ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। চোরাই চেইন কেনার ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার জের ধরে সংঘর্ষের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমায়ুন কবীর। তিনি জানান, আহতদের মধ্যে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীসহ পুলিশের অন্তত সাত সদস্য আহত হয়েছেন। এরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এসি জানান, দুপুর ১২টার দিকে নগরীর জিরো পয়েন্টে স্বর্ণ ব্যবসায়ীদের একটি দল বস্ত্র ব্যবসায়ীদের দোকানপাটে হামলা করে। হামলাকারীরা বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীদের মারধর করে। বস্ত্র ব্যবসায়ী ও তাদের দোকান কর্মচারীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়। দুপুর দেড়টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে বস্ত্র ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায় বলে তিনি জানান। এসি হুমায়ুন জানান, দুপুর ২টার দিকে র‌্যাব-পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জিরো পয়েন্ট, কাপড় ও স্বর্ণ পট্টিতে পুলিশ মোতায়েন রয়েছে। বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁদ মিয়া ও সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী অভিযোগ করেন, স্বর্ণ পট্টির একদল সন্ত্রাসী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা হাবিব ক্লথ ষ্টোর, কেয়া ক্লথ ষ্টোর, বাঁধন ক্লথ ষ্টোরসহ অন্তত ১০টি দোকানে লুটপাট এবং ভাঙচুর চালায়। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখা হবে বলেও তারা জানান। এ ঘটনায় বস্ত্র ব্যবসায়ী হান্নু মিয়া, মিন্টু সরকার, সম্রাট, ইউনুস, বাদশা, হারুন, রিপন, দূরুল, আসাদ, হাবিব, মামুন, সোহেলসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা দাবি করেন। অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন দাবি করেন, নিউ লক্ষ্মী জুয়েলার্সের মালিক হরেন কুমারকে সেলিম ও শিপন নামে বস্ত্র পট্টির দুজন ধরে নিয়ে মারধর করেন। পরে হরেন বিষয়টি স্বর্ণ ব্যবসায়ীদের জানালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিনিসহ তাদের পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন রিয়াজ। এছাড়া সংঘর্ষে আমার দেশ পত্রিকার ফটোসাংবাদিক আসাদুজ্জামান আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসি হুমায়ুন কবীর বলেন, "পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ অভিযোগ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.